হুমায়ূন রশিদ : টেকনাফ উপজেলার প্রত্যন্ত এলাকায় পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার লক্ষ্যে উপজেলা বাজার মনিটরিং কমিটি অভিযান চালিয়ে পৃথক ৩টি মামলায় জরিমানা আদায় করেছে।
৯এপ্রিল দুপুরের দিকে টেকনাফ পৌরসভায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি এবং পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারায় ১টি মামলায় ২০হাজার টাকা অর্থদন্ড এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২টি মামলায় ১০হাজার টাকা অর্থদন্ডসহ মোট ৩টি মামলায় ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সাংবাদিকদের জানান,চলমান রমজান মাসে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা বাজার মনিটরিং কমিটির অভিযান অব্যাহত থাকবে। ###
