চকরিয়ায় জমি বিরোধের জের : মেহেদীর রং না মুছতেই সন্ত্রাসী হামলায় নিহত সাবেক ছাত্রলীগ নেতা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago
সন্ত্রাসী হামলায় নিহত সোহেলের বিয়ের ফাইল ছবি সংগৃহিত

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় মেহেদীর রং না মুছতেই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন মো. সোহেল রানা (২৭) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা । নিহত সোহেল চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌরসভার পালাকাটা গ্রামের আবদু রকিমের ছেলে । এসময় উভয় পক্ষের অন্তত ৫/৬ জন আহত হয়েছে। এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। চকরিয়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

শনিবার দিনগত রাত ১টার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় জমি দখলের ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে সোহেল নিহত হন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি তদন্ত আশরাফুল ইসলাম জানাান, প্রাথমিক ভাবে জমি রিরোধের ঘটনায় এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, পুলিশ আব্দুল মান্নান নামে একজনকে আটক করেছে। ধৃত মান্নান ভরামুহরী এলাকার মৃত কবীর আহমদের ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, রাতে প্রতিপক্ষের লোকজন তাদের জমি দখল করে নিচ্ছে এমন খবরে সোহেল ঘটনাস্থলে গেলে এ হামলার ঘটনা ঘটে। এসময় ভরামুহরী এলাকার নুরুল আলম,নুর হোছন,আইয়ুব,বশির,আলী হোছন,সোলতানসহ অজ্ঞাত সন্ত্রাসীরা হাতুড়ী, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সোহেলের উপর হামলা চালায় । আহত সোহেলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। চলতি মাসের শুরুতে সোহেল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।