হুমায়ুন রশিদ / আজিজ উল্লাহ : টেকনাফে এবার ক্যাম্পের রোহিঙ্গারা সংঘবদ্ধ হয়ে সাগরপথে মালয়েশিয়া গমনের জন্য গন্তব্যে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে ১শ ১৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে।
জানা যায়, ৫ এপ্রিল বিকাল সাড়ে ৫টারদিকে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া-হোয়াইক্যং পাহাড়ী ঢালাপথের বাহারছড়া পয়েন্ট হতে ৩৯ জন নারী, ৫০ জন পুরুষ ও ২৬ জন শিশুসহ ১শ ১৫ জন মালয়েশিয়া যাত্রী ভিকটিমকে উদ্ধার করে। এসময় কোন দালালকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতরা কচ্ছপিয়া ঘাট দিয়ে মালয়েশিয়া গমনের জন্য বোটযোগে শীপে উঠার কথা ছিল।
আটককৃতরা রোহিঙ্গারা দমদমিয়া,জাদিমোরা, শালবাগান, নয়াপাড়া, মোচনী, লেদা, আলীখালী, ঊনছিপ্রাং, শামলাপুর, পালংখালী এবং থাইংখালী ক্যাম্প এলাকার রোহিঙ্গা বলে জানা গেছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধারকৃত রোহিঙ্গাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান।
