কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী, মাদকসেবীসহ ৪৮ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাতে টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পৃথক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছিল।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টেকনাফ পৌরসভাসহ দুইটি ইউনিয়নে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) সাইফুল ইসলাম ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা (ওসি-তদন্ত) এবি এম এস দোহার নেতৃত্বে আলাদা পুলিশের টিম ওইসব এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ নারীসহ ৪৮ জনকে আটক করে। এসময় ইয়াবার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪ জন মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং ১২ জন মাদকসেবী। বাকি ২২ জন বহিরাগত রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাদের বিরুদ্ধে কোন অপরাধী প্রমাণ মিলবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে উল্লেখ করে এই অভিযান অব্যাহত থাকবে, মাদক কারবারি কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে আটককৃতদের একই দিন দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
