গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড শরণার্থী ক্যাম্প হতে ধৃত দুধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী হত্যাসহ বহু মামলার আসামী দোস মোহাম্মদ (৩৫) কে নিয়ে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র ও দুই রাউন্ড কার্টুজ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে টেকনাফ থানার উপ পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নয়াপাড়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অস্ত্র-কার্টুজ উদ্ধার করেন।
এর আগে রোববার দুপুরে শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে দুই হাজার পিচ ইয়াবা সহ আটক করে পুলিশ।
ধৃত সন্ত্রাসী মিয়ানমারের হাইচ্ছোরাতা এলাকার জমিল আহমদের ছেলে ও নয়াপাড়া রেজি: শরণার্থী ক্যাম্পের সি ব্লকের ৮৩৭ নং শেডের ১নং রুমের বাসিন্দা (এমআরসি নাম্বার-৪৫৯৫০)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, ধৃত সন্ত্রাসীর বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় হত্যাসহ অর্ধ ডজন মামলা রয়েছে। সে টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।
