টেকনাফে জমিজমার বিরোধে চাচাতো ভাইদের হাতে এক ব্যক্তি খুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ডেস্ক নিউজ :

টেকনাফে পারিবারিক জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হাতে ছুরিকাঘাতে খুন হয়েছে আব্দুর রহমান (৩০) নামে এক ব্যক্তি।

সে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাসিন্দা আব্দুল গফুর ওরফে জাফর আহমদের ছেলে।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলা সাবরাং ইউনিয়নের লাফাঘোনার হাজী আব্দুল মজিদের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

নিহতের বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আজ সোমবার দুপুরে চাচা আব্দুল মজিদের বাড়িতে পারিবারিক জমিজমার বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছিল। এসময় কচুবনিয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সিরাজ উল্লাহ, আমানুল্লাহ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ শফিকের নেতৃত্বে হামলা চালিয়ে আব্দুর রহমানকে মারধর করার এক পর্যায়ে ছুরিকাঘাতে সে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হলে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর সে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খুরশেদ আলম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।