ফরিদুল আলম : টেকনাফে এক রোহিঙ্গা ক্যাম্প হতে অন্য রোহিঙ্গা ক্যাম্পে আত্নীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে প্রধান সড়ক পার হতে গিয়েই পর্যটকবাহী বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এসময় চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করে নিয়ে যায়।
জানা যায়,৯ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টারদিকে কক্সবাজার হতে পায়রা সার্ভিস পরিবহনের একটি পর্যটকবাহী দ্রুতগামী বাস (বাস নং-কক্সবাজার-জ-১১-০১৭৯) টেকনাফ যাওয়ার পথে হ্নীলা লেদা ব্রীজ এলাকায় পৌঁছে। এসময় আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/২৬ এর বাসিন্দা ছালেহ আহমদের পুত্র মোহাম্মদ ইসমাঈল (৮) এবং মোহাম্মদ রফিকের পুত্র মোহাম্মদ হাসান (৫) রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বাসের সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে যায়। এতে শিশুরা রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। তারা শালবাগান ২৬নং ক্যাম্পের আত্নীয়ের বাড়ি যাচ্ছিল বলে জানা গেছে। এসময় চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটিকে জব্দ করে রাখে। পরে আহত শিশুদের টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহত শিশুদের দাফন করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের দুই শিশু সড়ক দূঘর্টনার মৃত্যুর পর পুরো ক্যাম্প জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এই ব্যাপারে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ওসি মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন,সড়ক দূঘর্টনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। আইনী প্রক্রিয়ায় শিশুদের দাফন করা হয়েছে। এই বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১২/০৯-০২-২৪ইং। ##
