বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাচ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।
বুধবার (৫ জানুয়ারী) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্প-২৭ এর ব্লক-এ/১৩ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন (১৬ এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
ধৃতরা হলেন, সবির আহম্মদের ছেলে কেফায়েত উল্লাহ (২২), আজিমুল্লাহর ছেলে মোহাম্মদ আলম (২৫), তারা উভয়ে পুলিশ হেড কোয়ার্টারের তালিকাভূক্ত। নাদির হোসেনের ছেলে জাহির আহম্মদ উরুফে জাকির আহম্মদ (৪১), লাল মিয়ার ছেলে সামছু উরুফে সমছু (৩২), সে টেকনাফ থানার মাদক মামলার এজাহারভূক্ত আসামী- যার (মামলা নং- ৬৯/২০২০), মৃত হাসানের ছেলে নূর মোহাম্মদ (২৫)। এরা প্রত্যেকে শালবাগান ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এদের মধ্যে সামছুর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যান্তরে কতিপয় রোহিঙ্গা ডাকাতি প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি দেশীয় তৈরী রামদা জব্দ করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
