শামীম ইকবাল চৌধুরী : ১৯ দিন কারাভোগ শেষে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহরান চৌধুরী মারুফ।
মঙ্গলবার সন্ধ্যায় কারামুক্তির পর রাতে নিজ এলাকায় পৌঁছলে তাকে পৃথক ফুলের মালা নিয়ে তাঁকে বরণ করে নেন- রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাছির উদ্দিন সিকদার সোহেল, গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী প্রমূখ।
মঙ্গলবার বিকেলে কক্সবাজার জজ কোর্টে মারুফের জামিন শুনানি অনুষ্ঠিত হলে বিজ্ঞ বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। মারুফের পক্ষে আইনি লড়াই করেন কক্সবাজারের সিনিয়র আইনজীবি এড. আব্দুল মন্নান ও এড.বাপ্পী শর্মা।
উল্লেখ্য: গত ১৬ জুন গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহরান চৌধুরী মারুফকে গর্জনিয়ার আলোচিত যুবলীগ কর্মী মঞ্জুরুল আলম হত্যা মামলায় আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এর পর পরই তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয় গর্জনিয়ায়।
মঞ্জুরুল আলম হত্যা মামলার বাদি সলিমা খাতুন জানান- “শাহরান চৌধুরী মারুফসহ নিরহ অনেককে এই মামলায় ফাঁসানো হয়েছে। কারণ তাঁরা আমার এজহারভুক্ত আসামী নন। আমার স্বামী হত্যার বিচারের দাবিতে স্বোচ্ছার ছিলো তাঁরাই।”
