ফরিদুল আলম : আজ টেকনাফের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষার উন্নয়ন, প্রযুক্তির বিকাশে অন্যন্য ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।
১০ ডিসেম্বর (শুক্রবার) বাদে জুমা বহু কাংখিত হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হ্নীলা গুহাফার প্রতিষ্ঠাতা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জামাল আহমদ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও গুহাফা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের প্রদত্ত সেবাসমুহ আরো পরিসর করার লক্ষ্যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন এবং হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল, বিজিবি ক্যাম্প, হ্নীলা উচ্চ বিদ্যালয়, হ্নীলা পোস্ট অফিস, গুহাফা, ভূমি অফিস, হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কাস্টম্স অফিসে যাতায়াতকারী জনসাধারণের সুবিধা বিবেচনা করে বহু কাংখিত সড়কটি নির্মাণ করা হয়। হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর অক্লান্ত চেষ্টা ও পরিশ্রম এবং মরহুম মাওলানা আবুল হাশেম পরিবারের প্রদত্ত জমির উপর বাস চলাচলের প্রধান সড়ক হতে ফুলের ডেইল বিজিবি ক্যাম্পের সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ এই সড়কটি নির্মিত হয়। এই সড়কটি চালু হলে সর্বস্তরের জনসাধারণের যাতায়াত ভোগান্তি কমে আসবে। ##
