সংবাদ বিজ্ঞপ্তি : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রাণ, ক্ষণজন্মা মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ বিশ্বের বুকে বাঙালিদের জন্য একটি নিজস্ব স্বাধীন ভূমি হতো না। বাংলাদেশ যতদিন পৃথিবীর বুকে টিকে থাকবে, ততদিন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর নাম থাকবে। চাইলেই তাকে এ জাতির ইতিহাস থেকে মুচে ফেলা যাবে না’।
মঙ্গলবার ১৭ আগস্ট সকাল ১১টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগদান করেন তিনি উপরোক্ত কথা বলেছেন।
মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫’আগস্ট দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে খুন করে। ভাগ্যক্রমে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহনা বেঁচে যান। মূলত তারা সেদিন বঙ্গবন্ধুকে খুন করেনি, খুন করেছে একটি জাতি স্বত্বাকে’।
মন্ত্রী আরো বলেন, ‘আজ পিতাহারা দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উঠে এসেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন আর বেশি দুরে নয়। তাই শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু তনয়ার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান তিনি’।
সভাপতির বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি বলেন, শোক কে শক্তিতে পরিণত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষুদা এবং দারিদ্রমুক্ত দেশ গঠনের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমূখ।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে ৭০০ জন অসহায় দুস্থ ও পথচারিদের মাঝে খাবার বিতরণ করা হয়।
