এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া থানা আনুষ্ঠানিক উদ্বোধনের পর গতকাল বুধবার বিকালে আকস্মিকভাবে থানা পরিদর্শন করতে এসেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার মো.গোলাম ফারুক। তিনি বিকেলে সড়ক পথে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া থানা পরিদর্শন করেন।
ডিআইজি খন্দকার মো.গোলাম ফারুক থানায় পৌছলে এসময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত মো.আতিক উলাহ, থানার অপারেশন অফিসার এসআই তানভীর আহমদ ছাড়াও থানার উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শক ও সকল কর্মকর্তাগণ।
পরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার মো.গোলাম ফারুক চকরিয়া থানার নবনির্মিত ভবন ও থানা পুলিশের সকল কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের ফাঁেক তিনি থানার সকল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় পুলিশের ডিআইজি খন্দকার মো.গোলাম ফারুক বলেন, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশের প্রত্যক সদস্যরা নিষ্ঠার সাথে কাজ করবে। পুলিশের প্রত্যেক সদস্যকে ভালো ব্যবহার ও সেবার মাধ্যমে জনগনের সেবক হিসেবে প্রমাণ করতে হবে।
তিনি বলেন, সরকারের ঘোষনা মোতাবেক মাদকের বিরুদ্ধে পুলিশ বাহিনীর ভুমিকা থাকবে জিরো ট্রলারেন্স। সেই আলোকে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনভাবেই মাদক ব্যবসা ও কারবারে জড়িতদের ছাড় দেওয়া হবেনা। একই সঙ্গে তিনি ইভটিজিং, বাল্যবিয়ে বন্ধ, সামাজিক নানা ধরণের অপরাধ প্রবণতা বন্ধে পুলিশকে কঠোরভাবে কাজ করতে নির্দেশ দেন।
