টেকনাফ টুডে ডেস্ক :
চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে ২০ লাখ পিস ইয়াবা জব্ধ করেছে র্যাব। এসময় ওই এলাকার ইয়াবা সিন্ডিকেটের প্রধান মোজাহেরসহ ৯ জনকে আটক করা হয়েছে।
রোববার ভোরে আনোয়ারা উপজেলার গহিরায় গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৯ জনকে আটক করা হয়। জব্ধ করা হয়েছে ট্রলারটিও।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর পরিচালক কর্নেল মিফতাহ উদ্দিনের নেতৃত্বে র্যাব সমুদ্রে অভিযান চালায়। এসময় মাছ ধরার আড়ালে ট্রলারে করে ইয়াবা পাচারের সময় ৯ জনকে আটক করা হয়। জব্ধ করা হয় প্রায় ২০ লাখ পিস ইয়াবা।
মিমতানুর রহমান আরো জানান, আটক ৯ জনের মধ্যে একজনের নাম মোজাহের। যিনি আনোয়ার-গহিরায় ইয়াবা পাচারকারী চক্রের প্রধান।
তিনি বলেন, মিয়ানমার ও বাংলাদেশের একটি সংঘবদ্ধ চক্র মাছ ব্যবসার আড়ালে ট্রলারে করে ইয়াবা পাচার করছে। এসব চক্র ট্রলারে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামের উপকূলে আসে।
