হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৫কেজি ২শ গ্রাম আইস বোঝাই কাঠের নৌকা জব্দ করেছে। এই ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সুত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাত পৌনে ১১টারদিকে মিয়ানমার থেকে মাদকের বড় ধরনের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর ও নাজির পাড়া বিওপির বিজিবির পৃথক ২টি চোরাচালান প্রতিরোধ টহলদল নাজিরপাড়া বিওপি’র বিআরএম-৬ হতে ৪শ গজ দক্ষিণ-পূর্ব দিকে মির্জা জোড়া নামক এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ৩শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মির্জার দিকে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন নৌকায় আরোহিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারে নৌকা হতে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল উক্ত স্থানে গিয়ে নৌকাটি জব্দের পর তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত একটি পুটলার ভিতর হতে ৫কেজি ২শ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, চোরাকারবারীদেরকে সনাক্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য ব্যাটালিয়ন সদরের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ###
