টেকনাফ টুডে ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে শিকলবাহা ইউনিয়নের নিজ ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সকাল ৮টা থেকে এ ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে।
জানা গেছে, মনির উদ্দিন তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী হয়ে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা সরব ছিলেন তিনি। ভোটগ্রহণের আগে তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন,‘শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যুর খবর পেয়েছি। আইন অনুযায়ী, তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’
তিনি আরও বলেন, যদি মনির উদ্দিন নির্বাচিত হয়েই যান, তবে সে ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই ওয়ার্ডে কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ার্ডটিতে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে।
