চকরিয়ায় সিএনজিতে যাত্রীবেশে দুই নারীর স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট : নকল স্বর্ণের বারসহ দুই প্রতারক গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় গোপন সংবাদে অভিযান চালিয়ে পুলিশ নকল স্বর্ণের বারসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে চারটি নকল স্বর্ণের বার উদ্ধার করেছে। রোববার দিবাগত রাতে থানা পুলিশের একটিদল জনতার সহায়তায় উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাহারবিল ইউনিয়নের রামপুর শাহপুরা এলাকার মৃত নুরুল আলমের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও একই এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে নাছির উদ্দিন (৩২)। তাদের বিরুদ্ধে প্রতারণার শিকার এক ভুক্তভোগী সোমবার রাতে থানায় এজাহার জমা দিয়েছেন।
সূত্রে জানাগেছে, উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারক চক্র নকল স্বর্ণের বার নিয়ে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে তাদের সাথে প্রতারণা করে আসছিলেন। স¤প্রতি সময়ে চকরিয়া পৌরশহর থেকে মহেশখালীতে অটোরিক্সা (সিএনজি) যোগে যাওয়ার পথে লামার ফাইতং এলাকার গোলাম ছোবহানের স্ত্রী দিলোয়ারা বেগম ও তার ভাইয়ের মেয়ে বুলু প্রতারক চক্রের কবলে পড়েন।
প্রতিমধ্যে চকরিয়া- বদরখালী সড়কের চোয়ারফঁড়ি ষ্টেশনের পরবর্তী এলাকায় পৌছলে গাড়ীতে যাত্রীবেশে থাকা প্রতারক শহিদুল ইসলাম ও নাছির উদ্দিন কৌশলে লোভ ফেলে নকল স্বর্ণের বার দেখিয়ে যাত্রী দিলোয়ারা ও বুলুর ব্যবহৃত আসল গলার হার, চেইন ও কানের দুলসহ যাবতীয় স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়।
এছাড়াও বরইতলী রাস্তা মাথা এলাকায় কুতুবদিয়া যাওয়ার পথে ডুলাহাজারা শাহসুজাপুর এলাকার মিরাজু বেগম নামের এক মহিলার কাছ থেকেও ওই প্রতারকরা সু-কৌশলে তার ব্যবহ্নত স্বর্ণলংকার নিয়ে চম্পট দেয়। গ্রেফতারকৃত প্রতারকদের বিরুদ্ধে এ ধরণের বহু প্রতারণার অভিযোগ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সর্বশেষ রোববার দিবাগত রাতে থানার এসআই মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটিদল স্থানীয় লোকজনের সহায়তায় প্রতারকদের ঠিকানা খুজে বের করে দুইজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার এসআই মফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র নকল স্বর্ণের বার তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে নকল স্বর্ণের বারসহ দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) এ.কে.এম সফিকুল আলম চৌধুরী বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে নকল স্বর্ণের বারসহ দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।#