চকরিয়ায় সরকারি জায়গা উদ্ধার : চলতি বছরে নতুন ১৫টি ভূমি অফিস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় চলতি বছরেই ১৫টি নতুন ভূমি অফিস নির্মাণের কাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে দখল হওয়া সরকারি ভূমি উদ্ধারে নেমেছে স্থানীয় প্রশাসন। এরই অংশ হিসেবে গতকাল বুধবার সকালে উপজেলার পুর্ববড় ভেওলা মৌজা থেকে ৩৮ শতক সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরাফাতের নেতৃত্বে প্রশাসনের উদ্ধার অভিযানে থানা পুলিশের এসআই অপু বড়–য়া ও ভুমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরাফাত বলেন, চকরিয়ার ১৫টি ইউনিয়নে ভূমি অফিস নেই। পৌরসভা, লক্ষ্যারচর, হারবাং ও পূর্ব বড় ভেওলায় চারটি ভূমি অফিস রয়েছে। ১৫টি ইউপিতে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের লক্ষ্যে ২০১৭ সালের ২ এপ্রিলে ডিসির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এ আবেদন করেন তৎকালিন এসিল্যান্ড দিদারুল আলম ও ইউএনও মো.সাহেদুল ইসলাম। এর প্রেক্ষিতে ১৫টি ভূমি অফিস নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। ইতোমধ্যে খুটাখালী ইউনিয়নে মাটি পরীক্ষা করে জমি নির্ধারণ করা হয়েছে। ওই ইউনিয়নে ভূমি অফিস নির্মাণের মাধ্যমে শুরু হবে চকরিয়ায় ১৫টি ভূমি অফিস নির্মাণ কাজ।
এসিল্যান্ড বলেন, প্রতিটি ভূমি অফিস নির্মাণ করতে ব্যয় হবে এক কোটি টাকা। এই ভূমি অফিস নির্মাণ সম্পূর্ণ হলে একদিকে জনবল নিয়ে সংকটে ভুগতে হবেনা। অপরদিকে ব্যক্তি কর প্রদানসহ জমির নানা ধরনের কাগজ সৃজন করতে জনগণকে হয়রানীর শিকার হতে হবেনা। ২০২৩ সালে ১৫টি ভূমি অফিসের কাজ শেষ হবে।
তিনি বলেন, নতুন ভুমি অফিসের জন্য জায়গা সংকট থাকায় আমরা বেদখল হওয়া জায়গা উদ্ধারে অভিযান শুরু করেছি। অভিযানের অংশ হিসেবে গতকাল পুর্ববড় ভেওলা মৌজা থেকে সরকারি ৩৮ শতক সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। #