এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী লেগুনা পরিবহনের একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লেগুনা গাড়ির ছয়জন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত আরও ৪ যাত্রী। বুধবার ২২ জুলাই বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে দুই গাড়ির মুখোমুখি এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ সময় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল বলে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত ৬ জনের মরদেহ প্রতিবেদনটি তৈরীকালে (রাত সাড়ে ৮টায়) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মুদুল হক।
চকরিয়া উপজেলা হাসপাতাল থেকে নিহতদের মধ্যে লেগুনার চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের পুত্র বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের পুত্র আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার পুত্র ফিরোজ আহমদ (৩২) ও চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের হাসানআলী পাড়া গ্রামের আমির হামজার ছেলে বাবলু (৪০)
জানতে চাইলে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পর পরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় আটকা পড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। হাইওয়ে পুলিশের সাথে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেয়। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছেনা সঠিক কতজন মারা গেছেন।
চকরিয়া উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মুদুল হক বলেন, হাসপাতালে এ পর্যন্ত ৬ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ##
