নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম |
রাখাইনে সহিংসতার এক মাস পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের আসা থামছেনা। আগের মতো দলে দলে না আসলেও প্রতিরাতেই নাফ নদী সীমান্ত পেরিয়ে আসছে শতশত রোহিঙ্গারা।
সরেজমিনে দেখা যায়, নাফ নদ পাড়ি দিয়ে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে এখনো রোহিঙ্গাদের আগমন বন্ধ হয়নি। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা আগের মতো ঢলে ঢলে না আসলেও প্রতিদিন-রাতে প্রায় কয়েক হাজার রোহিঙ্গা নারী, শিশু ও বৃদ্ধরা এপারে আশ্রয় নিতে পালিয়ে আসছে। পালিয়ে আসা রোহিঙ্গারা জানায়, রাখাইন এখনো অশান্ত ও উত্তপ্ত। তাই মৃত্যু ভয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসছেন।
সোমবার বিকালে প্রায় অর্ধশত রোহিঙ্গা টেকনাফ বাস ষ্টেশন এলাকায় অপেক্ষা করছিল অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যাওয়ার জন্য। সোমবার ভোরে শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া সীমান্ত দিয়ে তারা এদেশে অনুপ্রবেশ করে।
এখানে কথা হয় রাখাইনের মংডু বদুছড়া এলাকার জালাল আহমদ ও বাগঘোনা এলাকার কাউছার পারভিনের সাথে। জালাল আহমদ জানায়, সোমবার ভোরে মা-বোন, স্ত্রী, ছেলে-মেয়েসহ ৬ জন মিস্ত্রিপাড়া সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে এপারে আসে। তিনদিন আগে সেনারা বদুছড়া গ্রামে অভিযান চালায়। বাড়ী ঘরে আগুন দেয়। বাধ্য হয়ে গ্রাম ছেড়ে এদেশে আসতে হয়েছে। অবশ্য এর আগে থেকে সেনারা গ্রামের বেশ কিছু লোকজনকে ধরে নিয়ে যায়। তারপরও কিছু মানুষ এখনো গ্রামে মাটি কামড়ে পড়ে রয়েছে বলে জানায় সে। সীমান্ত পেরোতে জনপ্রতি মিয়ানমার ৩০ হাজার কিয়াত দালাদের দিতে হয়েছে।
সীমান্ত পেরোতে গিয়ে স্বামী-সন্তানকে হারিয়ে ফেলেছে কাউছার :
রাখাইনের বাগঘোনা এলাকার আবদু ছালামের (৬০) স্ত্রী কাউছার পারভীন। সোমবার বিকালে এক সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় বসে ছিল টেকনাফ বাস ষ্টেশন এলাকায়। মা, সন্তান উভয়ে ছিল ক্ষুধার্ত অবস্থায়। এসময় স্থানীয় লোকজন কিছু শুকনো খাবার রুটি, কলা, পানি খেতে দিলে গোগ্রাসে খেতে থাকে। কাউছার জানায়, সোমবার সকালে সীমান্ত পার হয়ে স্বামী ও দুই সন্তানসহ এদেশে আসে। সকালে শাহপরীরদ্বীপ হতে টেকনাফ আসতে গিয়ে হারিয়ে ফেলে বয়োবৃদ্ধ স্বামী ও ওমর ফারুক আড়াই বছরের এক সন্তানকে হারিয়ে ফেলে। দিশেহারা কাউছার পারভীন অপর এক সন্তান সাদিয়া (১) কে নিয়ে কোথায় যাবে জানেনা। সে আরো জানায়, ১০/১২ দিন আগে সেনারা তাদের গ্রামে অভিযান চালিয়ে কয়েকশত বাড়িতে আগুন দেয়। ২০ জনের অধিক লোককে হত্যা করে।
এদিকে টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও শাহপরীরদ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার রাখাইনে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে আগমন এখনো থামেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
