চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ২কিশোরী ছাত্রীর মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টারদিকে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনি গ্রামের মাতামুহুরী নদীর পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতের নাম আসমাউল হোসনা (১২) ও উম্মে হাবিবা ইসমা (১৩)। নিহত আসমাউল শামসুল আলমের মেয়ে। সে স্থানীয় লোটনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো। অপর নিহত উন্মে হাবিবা একই এলাকার আবদুল মোসাফেরের মেয়ে। এবছর স্থানীয় হাজিয়ান দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছে।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে দিয়ে কাকারা ইউনিয়নের লোটনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রেজা চৌধুরী বলেন, ‘মঙ্গলবার বেলা ২টার দিকে আমাদের স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী আসমাউল ও তার মামাতো বোন ইসমা বাড়ির নিকটবর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। আসমাউল সাতার জানতো না। সে পানিতে নামা মাত্রই তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করার চেষ্টা করে ইসমা। এসময় দুইজনই পানিতে ডুবে যায়। ’
তিনি বলেন, ‘গোসল করে ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবার সদস্যরা খোঁজাখুজি শুরু করলে এক পর্যায়ে পাড়ার লোকজনসহ মাতামুহুরী নদীর পানিতে সন্ধান চালিয়ে বিকেল ৩টার দিকে দুই শিশু নিথর দেহ উদ্ধার করে। পরে চকরিয়ার একটি প্রাইভেট হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ‘
এদিকে দুই কিশোরীর মৃত্য সংবাদ শুনে গতকাল বিকেল ৫টায় তাদের বাড়িতে যান কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান। তিনি বলেন, ‘মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুর মারা যাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। রাতেই তাদের দাফন করা হবে। ’ এ ঘটনায় দক্ষিণ লোটনি এলাকার শোকের ছায়া নেমে এসেছে।##