চকরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ নতুন বাড়ি পেলেন তিনশত দরিদ্র ভুমিহীন পরিবার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
পাঁচমাসের ব্যবধানে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের অধীনে উপহার হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৫ ইউনিয়নের তিনশত ভুমিহীন পরিবার পেয়েছে জমিসহ নতুন ঘর। গতকাল রোববার ২০ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের পর চকরিয়া উপজেলার ৩০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমির কবুলিয়ত দলিল, সৃজিত খতিয়ান ও নতুন বাড়ির চাবি হস্তান্তর করেছেন চকরিয়া উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম, বিশেষ অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ উপস্থিত থেকে উপকারভোগী পরিবারগুলোর মাঝে নতুন ঘরের চাবি ও দলিলপত্র তুলে দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাঁচমাসের ব্যবধানে দুইদফায় ৩৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে জায়গাসহ নতুন ঘর। প্রথমদফায় জানুয়ারী মাসে ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয় নতুন ঘর প্রদানের মাধ্যমে। অপরদিকে রোববার দ্বিতীয়দফায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নতুন ঘর পেয়েছেন হতদরিদ্র ৩০০ ভূমিহীন পরিবার। এদিন উপজেলা পরিষদের অনুষ্ঠানে উপকারভোগী
চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভুমি মো.তানভীর হোসেন এর সঞ্চালনায় নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম, বিশেষ অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান (প্যানেল-১) জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিপিপি চকরিয়ার সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম, চিরিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত ওসমান, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম জিকু, চকরিয়া প্রেস কাবের সভাপতি এম আর মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী পরিবারগুলো।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ জানান, চকরিয়া উপজেলায় দুইদফায় ৩৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ নতুন ঘর নির্মাণ করে দেওয়ার মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ইতোমধ্যে উপকারভোগী পরিবারগুলোর মাঝে দুই শতাংশ করে জমির কবুলিয়ত দলিল, খতিয়ান, বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নতুন এই বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রতিটি সেমিপাকা ঘরে থাকছে ২টি রুম, একটি বারান্দা, একটি কিচেন, একটি ওয়াশরুম ও একটি বেসিন। আর প্রতি পাঁচ পরিবারের জন্য একটি করে গভীর নলকূপ ও বিদ্যুৎ সংযোগও প্রদান করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারি বরাদ্দ ১ লাখ ৭১ হাজার টাকা। মাটি ভরাটের কোন বরাদ্দ না থাকলেও সেটি করে দিচ্ছেন উপজেলা প্রশাসন।
চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.মাসুদুর রহমান বলেন, রোববার উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে বাছাইপুর্বক উপকারভোগী নির্বাচিত ৩০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে উপহার হিসেবে জমিসহ নতুন ঘর দেওয়া হচ্ছে।
এর আগে প্রথমদফায় উপজেলার তিন ইউনিয়ন খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালীর ৮০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দেওয়া হয় উপহার হিসেবে নতুন ঘর। তৃতীয়দফায় আরও ৫০ পরিবার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের আরও ২০ পরিবারকে পুনর্বাসন করা হবে জায়গাসহ নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার মাধ্যমে। এজন্য সকল ধরণের দাপ্তরিক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ জাফর আলম এমপি বলেন, ‘বিশ্বের ইতিহাসে দুইদফায় একযোগে এতসংখ্যক (১ লাখ ২৩ হাজার ২৪৪ পরিবার) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ নতুন ঘর নির্মাণ করে দেওয়ার নজির বিরল। সেই নজির স্থাপন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা।’
তিনি আরও বলেন, দুইদফায় চকরিয়াতে যেসব পরিবার জায়গাসহ নতুন ঘর পেয়েছেন তারা মহান সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যাতে তিনি অনেকদিন আমাদের মাঝে বেঁচে থাকেন। কারণ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন বলেই আপনারা আজ বিনামূল্যে জায়গাসহ এই ঘর পেয়েছেন।