চকরিয়ায় তৈলবাহি ট্রাকের ধাক্কায় ইউনিক বাস কাউন্টার ব্যবস্থাপক নিহত ; ৯৯৯ কলে মরদেহ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলহাজারা পাগলিরবিল এলাকায় তৈলবাহী ট্রাকের (ভাউচার) ধাক্কায় হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম (২৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোয়াইব ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল সাতঘরিয়া পাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ইউনিক পরিবহনের (বাস) কক্সবাজার কাউন্টারের ব্যবস্থাপক ছিলেন।
খুটাখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার সেলিম উল্লাহ বলেন, রোববার ভোরে শোয়াইব নিজ কর্মস্থল কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে পাগলিরবীল ব্রিজে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি একটি তৈলবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন মোহাম্মদ শোয়াইবুল ইসলাম।
পরে স্থানীয় লোকজন মহাসড়ক কিনারায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। স্বজনদের ধারণা, ভারি কোন যানবাহন শোয়াইবকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারায়।
মালুমঘাট হাইওয়ে থানার এসআই টিপু রায় জানান, পুলিশের জরুরী সেবা নাম্বার ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। জানতে পারি কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে যুবকটি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। পরে লাশ দেখতে পেয়ে জরুরী নাম্বারে ফোন দেয় লোকজন। তবে কি গাড়ি বা কিভাবে চাপা দিয়েছে কেউ বলতে পারেনি। এ ঘটনায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে।
এদিকে হাফেজ শোয়াইবুল ইসলাম মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার শিক্ষাজীবন পার করা খুটাখালী মারুফিয়া আলীম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।##