এম.এ আজিজ রাসেল :
কমিটি ঘোষনাকে কেন্দ্র করে কক্সবাজার জেলা ছাত্রলীগের একাংশের ডাকা বুধবারের সকাল-সন্ধা হরতাল স্থগিত ঘোষনা করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও পদবঞ্চিত গ্রুপের সমন্বয়ক মারুফ ইবনে হোসাইন জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের পূর্বঘোষিত বুধবারের (৪ নভেম্বর) ঘোষিত হরতালের কর্মসূচী আপাতত স্থগিত ঘোষনা করা হল এবং কক্সবাজারের জেলা ছাত্রলীগের নিবেদিত প্রাণ ও সর্বস্তরের নেতা কর্মীদের ধৈর্য্য সহকারে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হল। তবে আগামী দিনে শান্তিপূর্ন আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
উল্লেখ্য: কোন তৃতীয় পক্ষ বা দুর্বৃত্ত কর্তৃক জেলার কোথাও রাস্তা-ঘাটে বা যান চলাচলে বিঘœ ঘটাতে না পারে সেদিকে ছাত্রলীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের নেতা কর্মীদের সজাগ থাকার অনুরোধ করেছেন তিনি।
উল্লেখ্য সোমবার (২ নভেম্বর) কক্সবাজার জেলা ছাত্র লীগের নতুন কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এতে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন সভাপতি এবং শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক আবু মোঃ মারুফ আদনান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। ১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ মইন উদ্দিন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন ও নরিমা জাহান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক ও মোঃ শওকত হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে চারজন রাখা হয়েছে। তারা হলেন- ওয়াসিফ কবির, কামারুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হক।
এই কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের ফজল মার্কেট এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে পদ বঞ্চিতরা। পরে আনুষ্ঠানিকভাবে বুধবারের সকাল সন্ধা হরতালের ঘোষনা দেন তারা।
তাছাড়া ঘোষিত কমিটিকে অবৈধ ও অবাঞ্ছিত ঘোষণা করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোর্শেদ হোসাইন তানিম।
২০১৪ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের একমাস পর ২০১৫ সালের ১০ জানুয়ারি ইশতিয়াক আহমেদ জয়কে সভাপতি ও ইমরুল হাসান রাশেদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রায় ৬মাস পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম।
