নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ছিরামোড়া এলাকায় খাবারের সন্ধানে পাহাড় থেকে শুক্রবার ভোর ৫টার দিকে লোকালয়ে নেমে এসেছে একদল বন্যহাতি। এসময় বন্যহাতির আক্রমনে পথচারী মো. সফুর আলম (৩০) নমে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ছিরা মুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত সফুর আলম উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা বেপারীপাড়ার মো.আবুল কাশেমের ছেলে। তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে বন্যহাতির দল লোকালয়ে এলে এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার ভোরে একদল বন্যহাতি সুরাজপুরের ছিরামুরা এলাকায় বিভিন্ন জায়গায় দল বেঁধে ঘুরে বেডাচ্ছে। পরে স্থানীয় উৎসুক জনতা হাতির পেছনে ধাওয়া করলে দ্বিকবিধিক ছুটাছুটি করতে থাকে বন্য হাতির পাল। এসময় একটি হাতি সফুর আলম নামের এক যুবককে শুঁড় দিয়ে আছাড় মেরে আহত করেন।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, গতকাল ভোরের দিকে পাহাড় থেকে একটি বড় বন্যহাতির দল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। এই দলে শাবকসহ ১৯টি বন্যহাতি রয়েছে। এলাকাবাসী বন্যহাতির আতংকের পাশাপাশি তাদের খেত নষ্ট করছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।
বনবিভাগের চকরিয়া উপজেলার কাকারা বন বিট কর্মকর্তা কামরুল হাসান বলেন, হতিগুলো পাহাড় সংলগ্ন লোকালয়ে খাবারের সন্ধানে চলে এসেছে। শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত হাতির পাল ছিরামুরা এলাকায় অবস্থান করছিলো। তবে সন্ধ্যার পর পাহাড়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।#
