চকরিয়ায় আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু : দাফন কাজে স্বাধীন মঞ্চ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় আইসোলেশন সেন্টারে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন নুরুল ইসলাম (৩৮) নামের করোনা রোগী মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১ টারদিকে তার মৃত্যু হয়। নুরুল ইসলাম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সবুজ পাহাড় (পূর্ব নয়াপাড়া) এলাকার মরহুম ফজল করিমের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক।
নুরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড়ভাই মোহাম্মদ আলম। তিনি বলেন, ছোটভাই নুরুল ইসলাম চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতেন।সপ্তাহখানেক আগে করোনার উপসর্গ দেখা দেয় নুরুল ইসলামের। ১৬ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার স্যাম্পল জমা দেয়া হয়।
পরেরদিন (১৭ জুন) রিপোর্ট ‘পজিটিভ’ আসে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে প্রথমে রামু আইসোলেশন সেন্টারে রাখা হয়। সেখানে অক্সিজেন স্যাচুরেশন কাঙ্ক্ষিত পর্যায়ে তুলতে না পারায় ভেন্টিলেটরের প্রয়োজনীয়তার কথা বলেন চিকিৎসকরা। সেখান থেকে তাকে নিয়ে চকরিয়া উপজেলা হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়।
বড়ভাই মোহাম্মদ আলম বলেন, চকরিয়া আইসোলেশন সেন্টারে সর্বোচ্চ চিকিৎসাসেবার জন্য সাধ্যমত চেষ্টা করেছেন কর্তব্যরত চিকিৎসকবৃন্দ। কিন্তু আইসিইউর প্রয়োজন দেখা দিল রোগির কঠিন অবস্থায় তাকে স্থানান্তর করা সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় বৃহস্পতিবার সেখানেই মারা যান নুরুল ইসলাম।
খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বলেন, গতকাল শুক্রবার পৌনে ১২টার দিকে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় নয়াপাড়া কবরস্থান তাকে রাস্ট্রীয় প্রক্রিয়ায় সমাহিত করা হয়েছে। এরআগে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্দেশে স্বাধীন মঞ্চের স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের সহযোগিতায় মৃতদেহটি আইসোলেশন সেন্টার থেকে এলাকায় নিয়ে আসেন স্বজনেরা।
করোনা রোগীর দাফনকাজে স্বাধীন মঞ্চের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহন প্রসঙ্গে সংগঠনটির স্থায়ী পরিষদ সদস্য তানভীর আহমদ সিদ্দিকী তুহিন বলেন, ‘আমরা আগে থেকেই আঁচ করতে পেরেছি, করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে স্বজনেরাও জানাজা-দাফনে এগিয়ে আসবে না। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনায় মৃত ব্যক্তির দাফনের বিষয়টি মাথায় রেখে স্বাধীন মঞ্চ সদস্যদের সমন্বয়ে একটি টিম গঠন করে রাখি। তারাই উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মানুষের শেষ বিদায়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। এতে আমরাও গর্ববোধ করছি, শেষ বিদায়ের সময় স্বাধীন মঞ্চের সদস্যরা সঙ্গি হতে পেরে।’
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াটা কোন অপরাধ নয়। কিন্তু সংক্রমণের ভয়ে একেবারে কাছের স্বজনেরাও দাফনকার্যে অপারগতা প্রকাশ করায় এগিয়ে এসেছে স্বাধীন মঞ্চের কর্মীরা। এজন্য স্বাধীন মঞ্চ এবং ইসলামিক ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে। #