এম.জিয়াবুল হক : কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মৌজার পাগলিরবীল এলাকায় সরকারী বনভূমি বিনষ্ট করে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এবার বনবিভাগ হাতি অভিযান পরিচালনা করেছেন। ওইসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে বালু দুস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হাতির সহায়তায় দুটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গতকাল সকালে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ ও ফুলছড়ি রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্মকর্তা মাজাহারুল ইসলাম চৌধুরীসহ বনবিভাগের একটিদল।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সাফারি পার্কের সরকারি জলভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল দুষ্কৃতকারীরা। এ খবর পেয়ে বনবিভাগের সহযোগিতায় অভিযান চালানো হয়। এসময় দুটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।
বনবিভাগের ফুলছড়ী রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া বলেন, সরকারী দলের নাম ভাঙ্গিয়ে স্থানীয় কিছু লোকজন খুটাখালী মৌজার সংরক্ষিত বনভুমির পাগলীরবিল এলাকায় অবৈধ বালি উত্তোলন করে আসছেন। বিষয়টি প্রথমে বিভাগীয় বন কর্মকর্তাকে জানানো হয়। এরপর তাঁর নির্দেশে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে।
অভিযানকালে জব্দ করা হয়েছে বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন। এসব বালু খেকোর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারি সম্পদ ধ্বংসকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা, বরং অভিযান অব্যাহত থাকবে।#
