চকরিয়ায় হত্যা মামলার আসামির নেতৃত্বে হামলা, ভাংচুর ; মারধরে নারীসহ আহত-৫

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে হত্যা মামলার আসামির নেতৃত্বে জবরদখল চেষ্টা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে বাঁধা দেওয়ায় একই পরিবারের ৫জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠছে। বুধবার (০১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ব্রাহ্মণ পাড়ায় ঘটেছে এ ঘটনা।

ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা আবদুল জলিল বলেন, বুধবার সকালে আমাদের পৈতৃক জমিতে নোবেল হত্যা মামলার আসামী ওসমান মেম্বারের নেতৃত্বে ১০/১৫ জনের একটি চক্র জবরদখল করতে এলে আমরা বাঁধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা আমার বাড়ির ভেতরে এসে আমাদের উপর হামলা করে। এসময় আমাকে ও আমার স্ত্রী খতিজা বেগম(৫০), আমার ছেলে মোঃ রিদুয়ানুল হক(২৫), মোঃ মিনার উদ্দিন(২২) ও মেয়ে ইয়াসমিন আক্তার(১৮)কে হাড় ভাঙা জখম করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমার ছেলে রিদুয়ানের মাথার খুলি ফেটে গেছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় গুরুতর আহত আবদুল জলিলের পুত্র রিদুয়ান ও কন্যা ইয়াসমিন আক্তারের অবস্থার অবনতি হলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুর্ব বড় ভেওলা ইউনিয়নে মারধরের ঘটনা অবগত হয়েছি। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##