খালেদা জিয়াকে ‘কারাগারের রোজনামচা’ পড়তে বললেন মেনন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

অনলাইন ডেস্ক |

কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইটি পড়তে বললেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, খালেদা জিয়ার কাছে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা পাঠানো উচিত। তাহলে তিনি বুঝতে পারবেন রাজনীতি ও কারাগারের পরিস্থিতি তখন কেমন ছিল।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী বাস্তুহারা লীগ আয়োজিত আলোচনা সভায় রাশেদ খান মেনন এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন কারাগারে থেকে গৃহকর্মী নিয়ে ‘বাসার সুবিধা‘ ভোগ করছেন মন্তব্য করে মেনন বলেন, কারাগারে রাজনীতিবিদরা যেভাবে থাকেন, সে তুলনায় তিনি প্রথম দিন থেকেই কারাগারে রানির হালে আছেন।

মন্ত্রী বলেন, ‘কারাগারে কেউ বাইরে থেকে ব্যক্তিগত পরিচারিকা পান, তা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জানা নেই। আর কেউ যদি ডিভিশনের আবেদন না করেই ডিভিশন দেওয়া হয়নি বলে প্রচার পেতে চায়, তাহলে আর কিছুই বলার থাকে না। মূলত এসব কথা বলার আড়ালে খালেদা জিয়ার দুর্নীতিকেই আড়াল কারার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, দুর্নীতি দুর্নীতিই। দুর্নীতির কোনো লঘু বা গুরুদণ্ড নেই। এ কারণে খালেদা জিয়ার সাজা নিয়ে মায়াকান্না করার কোনো অবকাশ নেই।

আগামীতে বিএনপি ক্ষমতায় ফিরলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে উল্লেখ করে মেনন বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে হত্যাযজ্ঞ চালাবে। কারণ সরকার যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের মধ্য দিয়ে তাদের কলিজায় হাত দিয়েছে।