টেকনাফ টুডে ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী, জিয়াউর রহমানের ভাতিজা মাহবুব আল আমিন ডিউ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
তিনি জানান, মৃত্যুকালে মাহবুব আল আমিন ডিউ’র বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহবুব আল আমিনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান, শিমুল বিশ্বাস এবং চিকিৎসক সবুজ আহমেদসহ দলীয় নেতারা।
মরহুমের নামাজে জানাজা শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাদ জোহর সোবহানবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।
