টেকনাফ টুডে ডেস্ক : বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’র কাঠামোকে ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে টলিউডের সবচেয়ে বড় বাজেটের ছবি। এটি পরিচালনা করবেন শুভ্রজিৎ মিত্র। এতে মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সঙ্গে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সিনেমাটিতে দেবী চৌধুরানী হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে। অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছেন ভবানী পাঠক। জানা গেছে, এখন ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
শুভ্রজিতের কথায়, এই ছবিতে গুরুত্ব পাবে মূলত ১৭৭০ থেকে ১৭৮০ সালে বাংলার সময়টা। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চলছে। সন্ন্যাসী-ফকির বিদ্রোহ। যে সংগ্রাম দমন করতে নাস্তানাবুদ হতে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, তৎকালীন বাংলার জেনারেল ওয়ারেন হেস্টিংসকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ড অনুসারে সন্ন্যাসী বিদ্রোহের যে রেকর্ড পাওয়া যায় তাতে দেবী চৌধুরানি ও ভবানি পাঠকের নাম রয়েছে।
শুধু বাংলা নয়, ছবিটি ভারতীয় হিন্দি ভাষায়ও মুক্তি পাওয়ার কথা রয়েছে। বিশেষ করে জোর দেওয়া হয়েছে প্রি-প্রোডাকশনে। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।
এই সিনেমায় বিশেষ গুরুত্ব পাবে সেই সময়ের সন্ন্যাসী বিদ্রোহ। যা দমন করতে রীতিমতো বেগ পেতে হয়েছিল ব্রিটিশদের। এতে অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর, ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। যিনি ‘বাজিরাও মাস্তানি’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘কামিনে’, ‘দঙ্গল’-এর মতো একাধিক সিনেমায় অ্যাকশনের দৃশ্য পরিচালনা করেছেন।
