কক্সবাজারে মুক্তিপণ দিয়ে প্রাণে বাঁচলো দুই পর্যটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি

কক্সবাজারে স্পা সেন্টারের আড়ালে সক্রিয় অপহরণকারী চক্র। এবারে চট্টগ্রাম থেকে কক্সবাজারে ভ্রমনে গিয়ে অপহরনের শিকার হয়েছেন চট্টগ্রামের দুই পর্যটক।

এই ঘটনায় হোটেল কর্মচারী সহ দুইজনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) কক্সবাজারের টার্মিনাল এলাকা ও ঈদগাহ থেকে তাদের অপহরণ করা হয়েছিল।

অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- চট্টগ্রাম আনোয়ারা থানার নূরুল আইউব (৪০) ও কর্ণফুলী থানার নিয়াজ নাছির (২৬)।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি মিজানুজ্জামান জানান, গেলো রোববার ভোরে চট্টগ্রাম থেকে নিজস্ব বাইকযোগে কক্সবাজার ভ্রমনে আসেন দুই পর্যটক। তাদের মধ্যে একজন সকালে আলফা ওয়েব গেস্ট হাউজের ৬ষ্ঠ তলায় স্পা সেন্টারে গিয়ে স্পা করেন। স্পা করার ফাঁকে একজন স্পা কর্মী তার সাথে ভাব জমিয়ে কৌশলে তার ব্যক্তিগত ও পারিবারিক তথ্য জেনে নেন। বিকেলে ওই দুই পর্যটক বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম ফেরার পথে দুইটি মোটর বাইকযোগে চার অপহরনকারী কক্সবাজার টার্মিনাল এলাকা থেকে নিয়াজ নাছিরকে এবং ঈদগাহ বাজার থেকে নূরুল আইউবকে অপহরন করে কলাতলী হোটেল মোটেল জোনের সী পার্ল ওয়ান হোটেলের ৫-সি নাম্বার কক্ষে নিয়ে আটক রেখে নির্যাতন করে। পরে অপহরণকারীরা নূরুল আইউবের স্ত্রী নাসরিন সুলতানার কাছ থেকে ৪টি বিকাশ নাম্বারে ১লক্ষ ৯০ হাজার টাকা মুক্তিপন নিয়ে ঐ রুমে তাদের আটক রেখে চলে যায়।

পরের দিন ৫ সেপ্টেম্বর দুই পর্যটক ৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য চাইলে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ ওই হোটেল থেকে দুই জনকে উদ্ধার করে।

এসময় হোটেলটির এক কর্মচারীসহ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে কক্সবাজারের ইদগাঁহ এলাকার শামসুদ্দিনের ছেলে সালাউদ্দিন(৩৫) ও পিএম খালীর মৃত আব্দুর রহমানের ছেলে রুবেল(৩১)।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় কলাতলী ওয়ার্ল্ড বে হোটেলের পার্কিং হতে এবং ওয়ার্ল্ড বীচ রিসোর্ট এর সামনে থেকে আরেকটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দুই জনকে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়।

এই ঘটনায় অপহরণের শিকার পর্যটক চট্টগ্রাম আনোয়ারার নুরুল আইয়ুব বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।