এম,জিয়াবুল হক : কক্সবাজার জেলা প্রশাসন ইতোমধ্যে পর্যটন নগরী কক্সবাজার জেলাকে করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত রাখতে লকডাউন ঘোষনা করেছে। সরকারি নির্দেশনা জারীর পর থেকে কক্সবাজার জেলায় পণ্যবাহি ও জরুরী সেবা ব্যতিত সবধরণের যানবাহন ও মানুষের আসা-যাওয়া নিষিদ্ধ রয়েছে।
জেলা প্রশাসনের লকডাউন নির্দেশনা লঙ্ঘন করে ঢাকা থেকে অ্যাম্বুলেন্স গাড়ি যোগে চকরিয়ায় গমণ করায় খবর পেয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেশ ক’জনকে জরিমানা করেছে। এছাড়াও একইসঙ্গে একাধিক ব্যক্তিতে হোম কোয়ারান্টাইন মেনে চলার নির্দেশ দিয়েছেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন। শনিবার (১১এপ্রিল) সারাদিন চকরিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন বলেন, সরকারি আদেশ অমান্য করে ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে চকরিয়ায় আসায় পৌরসভার কাহারিয়াঘোনা এবং করাইঘোনার একাধিক ব্যক্তিকে ১১ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।
একইসঙ্গে ওইসময় তাদেরকে ১৪দিন হোম কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। যদের জরিমানা করা হয়েছে তারা রোগী সেজে অ্যাম্বুলেন্স যোগে চকরিয়ায় আসেন।
তিনি বলেন, সরকারি নির্দেশনা আছে রাজধানী ঢাকা বা বাহির এলাকা থেকে কোন লোক চকরিয়ায় আসলে তাৎক্ষণিক ভাবে প্রশাসনকে জানাতে হবে। সেইজন্য আশপাশের লোকজনকে বিষয়টি সম্পর্কে সজাগ থাকতে বলা হয়েছে। #
