টেকনাফ টুডে ডেস্ক : আগামী এক মাস পর জাপানে শুরু হচ্ছে ‘রেইওয়া’ নামের নতুন রাজকীয় যুগ। আগামী ১ মে থেকে দেশটিতে নতুন সম্রাটের রাজত্বের এ নয়া যুগের সূচনা হবে।
সম্রাট আকিহিতোর ঐতিহসিক সিংহাসন ত্যাগের মধ্য দিয়ে শেষ হবে জাপানের বর্তমান ‘হেইসেই’ যুগ। এরপর যুবরাজ নারুহিতো নতুন সম্রাট হবেন। ফলে সম্রাটের শাসনকালকে ঘিরে জাপানে যুগ বা কালের নামকরণের প্রচলিত রীতি অনুযায়ী রাজতন্ত্রের এ নতুন নামকরণ করা হয়েছে।
সোমবার মন্ত্রিসভার প্রধান সচিব ইওশিহিদে সুগা নতুন যুগের নাম ‘রেইওয়া’ বলে ঘোষণা করেন। তিনি একটি বোর্ড তুলে ধরেন, যাতে নামটি হাতে লেখা ছিল। পরে প্রধানমন্ত্রী শিনজো আবে দেশবাসীকে এ নামের অর্থ জানান। এই প্রথম জাপানের একটি প্রাচীন কবিতা থেকে এ নাম নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বয়স ও রুগ্নস্বাস্থ্যের কারণে ঠিকঠাকমত দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাওয়ার আশঙ্কায় ২০১৬ সালের অগাস্টে জাপানের বর্তমান সম্রাট আকিহিতো সিংহাসন ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই সময় তার বয়স ছিল ৮৩ বছর।
সম্রাটের ইচ্ছাকে সম্মান জানাতে পরের বছর জুলাই মাসে জাপানের মন্ত্রিসভা একটি বিল অনুমোদন করে, ডিসেম্বরে যা পার্লামেন্টে পাস হয়। সরকার থেকে বলা হয়, ২০১৯ সালের এপ্রিলে সম্রাট আকিহিতো সিংহাসন ছাড়বেন এবং তার বড় ছেলে যুবরাজ নারুহিতো সিংহাসনে বসবেন।
ওই বিলের ভিত্তিতে জাপানের প্রায় দু’শতাব্দীর ইতিহাসে এই প্রথম কোনও সম্রাট জীবদ্দশায় সিংহাসন ছাড়ছেন। প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, “আমাদের দেশ আজ (সময়ের) বিশাল এক বাঁকের মুখোমুখি। কিন্তু এখনো অনেক জাপানি মূল্যবোধ টিকে আছে এবং সেগুলোকে ফিকে হতে দেওয়া উচিত হবে না।”
জাপানে প্রত্যেক সম্রাটের আমলেই তার শাসনকালের একটি করে নাম দেওয়া হয়। শাসনক্ষমতার মেয়াদের হিসাব রাখার জন্য ইংরেজি ক্যালেন্ডারেও সে নাম ব্যবহার করা হয়।
রেইওয়া অর্থ:
জাপানি ভাষায় রেই শব্দের অর্থ নেতৃত্ব পরিচালনা; নির্দেশনা একইসঙ্গে মঙ্গলজনক বা ভালো। ওয়া অর্থ ঐকতান। জাপানি ভাষা শান্তি বোঝাতে হেই-ওয়া বলা হয়। যেখানও ওয়া আছে।
সরকারি ও বেসরকারি অফিস-আদালতের কম্পিউটার স্যফ্টওয়্যার এবং কাগজপত্র আপডেটের জন্য নতুন সম্রাটের রাজত্ব শুরুর এক মাস আগেই তার শাসনকালের নাম ঘোষণা করা হয়েছে।
