উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি |
সাংবাদিক পরিচয় দিয়ে ভুয়া জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে রোহিঙ্গা তরুণী পাচারকালে ২ জন তরুণীসহ পুলিশের হাতে আটক হয়েছেন কক্সবাজারের স্থানীয় পত্রিকার এক সাংবাদিক।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটক করেছে।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই রোহিঙ্গা নারী উনচিপ্রাং ক্যাম্পের মাহমুদের মেয়ে হাসিনা বেগম (২০) ও কুতুপালং ক্যাম্পের ছৈয়দ আলমের মেয়ে সায়মা (২০)কে ২১(২) ধারায় ১ মাস করে সাজা প্রদান করা হয়।
এ সময় সাংবাদিক পরিচয়দানকারী কক্সবাজার টেকপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে হায়দার নিজামকে ১ মাসের সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, কক্সবাজার টেকপাড়া এলাকার বাসিন্দা দেখিয়ে জন্মনিবন্ধন সনদ দিয়ে ২ রোহিঙ্গা নারীকে ক্যাম্পের বাইরে নিয়ে যাচ্ছিল হায়দার নিজাম। উখিয়ার ৩টি চেকপোস্ট পার হয়ে সোনারপাড়া মেরিন ড্রাইভে পৌঁছলে দায়িত্বরত পুলিশের চেকপোস্টে তারা ধরা পড়ে।
উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর বলেন, অভিযুক্ত হায়দার নিজাম দীর্ঘদিন ধরে ক্যাম্প থেকে কৌশলে রোহিঙ্গা নারী পাচার করে আসছিল বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
