টেকনাফ টুডে ডটকম :
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ হামিদ হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। তার কাছ থেকে ৫ হাজার ৭’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের ১ লাখ ৭০ হাজার ৪’শ টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি উপজেলার বালুখালী পূর্ব বাড়ির বিল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
শনিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করেন ।
টেকনাফস্থ র্যাব-১৫ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান- নিজ বসত ঘরে ইয়াবা মজুদ ও কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি টিম বালুখালী পূর্ব ফাড়ির বিল এলাকার হামিদ হোসেনের বাড়িতে অভিযান চালায়।
বাড়িতে তল্লাশি চালিয়ে র্যাব সদস্যরা ৫ হাজার ৭’শ পিস ইয়াবা ও ১ লাখ ৭০ হাজার ৪’শ টাকা নগদ উদ্ধার করে। এসময় বাড়ির মালিক মাদক কারবারি হামিদ হোসেনকেও আটক করা হয়।
লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব আরো জানান, আটককৃত মাদক কারবারি বাংলাদেশে আশ্রিত পুরাতন রোহিঙ্গা। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৮ লাখ ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
