আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ; শেষ সময়ের গোলে শালবাগান ফুটবল একাদশের জয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং ২য়দিনের খেলায় শেষ সময়ের গোলে জাদিমোরা শালবাগান ফুটবল একাদশ জয় লাভ করেছে।

১৮ জানুয়রী (মঙ্গলবার) বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর ২য়দিনের খেলা হ্নীলা জাদিমোরা শালবাগান ফুটবল একাদশ বনাম কাঞ্জরপাড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দলের খেলোয়াড়েরা নৈপূণ্য প্রদর্শন করে গোল করার চেষ্টায় লিপ্ত থাকলেও প্রতিপক্ষ দলের প্রতিরোধের মুখে গোলের দেখা পায়নি। প্রথমার্ধ্বের খেলায় উত্তেজনায় এগিয়ে চললেও প্রথমার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। আবারো উভয় দলের খেলোয়াড়েরা গোল করতে মরিয়া হয়ে উঠলেও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতিরোধের মুখে সহজে গোল আদায় করতে পারছিলেন না। এভাবে এগিয়ে চলতে থাকা খেলার ২৪ মিনিটের মাথায় জাদিমোরা শাল বাগান ফুটবল একাদশের ১৬নং জার্সিধারী খেলোয়াড় মোঃ সোহেল আকর্ষণীয় গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। এরপর কাঞ্জরপাড়া একাদশের খেলোয়াড়েরা গোল পরিশোধে সচেষ্ট হয়ে উঠলেও অত্র টূর্ণামেন্টের ২য়দিনের খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন।

খেলায় প্রধান রেফারী ছিলেন আহমদ কবির, সহকারী রেফারী ছিলেন রুস্তম আলী সৈকত ও শহীদুল হক সোহেল এবং ৪র্থ রেফারী ছিলেন নেজাম উদ্দিন।

আগামী ২০জানুয়ারী কুতুপালং সাইনিং স্টার ফুটবল একাদশ এবং মোচনী স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###