চকরিয়ায় হাইওয়ে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবল নি*হ*ত ; এসআইসহ আহত-৪

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

এম জিয়াবুল হক : চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে  উল্টে খাদে পড়ে নাজমুল হাসান (৪৮) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। এসময় এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
শুক্রবার ভোররাত আড়াইটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার  ডুলাহাজারা রিংভং মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য নাজমুল হাসান বাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার গুরকনঘাট এলাকার মাস্টার শহিদুল ইসলামের ছেলে।
আহতরা হলেন মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. জিয়াউদ্দিন (৩৫), কনস্টেবল নুরুল আলম (৩৮), কনস্টেবল অলি আহমদ, কনস্টেবল সাইফুল ইসলাম (২৯)।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মেহেদি হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা রিংভং মাজার গেট এলাকায় মালুমঘাট হাইওয়ে থানার একটি জীপ গাড়ি নিয়ে এসআই জিয়াউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ডিউটি করছিলেন। পরে ডিউটি শেষে সেহরি খেতে থানায় ফেরার পথে জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
ওইসময় কনেষ্টবল নাজমুল হাসান গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল ও পরবর্তী সময়ে ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে পুলিশ সদস্য নাজমুল হাসান এর মরদেহ গতকাল শুক্রবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##