আনসার ক্যাম্পের লুন্ঠিত অস্ত্র টেকনাফ থানায় সোপর্দ্য, রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আলমের ৫দিনের রিমান্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম :
র‌্যাব কর্তৃক উদ্ধার আনসার ক্যাম্পের লুন্ঠিত অস্ত্র টেকনাফ থানায় সোপর্দ্য করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কক্সবাজার র‌্যাব ৭ এর একটি টীম উদ্ধার অস্ত্র ও গুলি থানায় সোপর্দ্য করেন। জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি এসএমজি, ৫টি চায়নিজ রাইফেল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড রাইফেলের গুলি।

টেকনাফ থানার সেকেন্ড অফিসার কাঞ্চন কান্তি দাস র‌্যাব এর কাছ থেকে অস্ত্র গুলি বুঝে নেন। তিনি জানান, এর আগে উদ্ধার ৫টি অস্ত্র টেকনাফ থানায় সোপর্দ্য করেছিল র‌্যাব। এনিয়ে মোট ১১টি অস্ত্র টেকনাফ থানায় জমা দেয় র‌্যাব।

এদিকে টেকনাফে আনসার ক্যাম্পে হামলা ও অস্ত্র লুটের মূল হোতা মঙ্গলবার উখিয়ার কুতুপালং এলাকা হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আনসার ক্যাম্পে হামলা ও অস্ত্র লুটের মামলাটি প্রথমে পুলিশ তদন্তের দায়িত্বে থাকলেও বর্তমানে র‌্যাব মামলাটি তদন্ত করছে।

কক্সবাজার র‌্যাব ৭ এর ইনচার্জ লে. কমান্ডার আশিকুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য গতবছরের ১৩ই মে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের শালবন আনসার ব্যারাকে হামলা চালায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী। এসময় ব্যারাকের আনসার কমান্ডারকে খুন করে ১১টি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

পরবর্তীতে র‌্যাব নাইক্ষংছড়ির তুমব্রু গহীন অরন্য থেকে দুই দফায় ১১টি অস্ত্র উদ্ধার করলো।

সর্বশেষ গত মঙ্গলবার নুরুল আলমকে গ্রেফতারের পরদিন তুমব্রু এলাকায় অভিযান চালিয়ে অবশিষ্ট ৬টি অস্ত্র ও গুলি উদ্ধার করে।