টেকনাফ টুডে ডেস্ক : নগরের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় গ্রেফতার আদনান মির্জাকে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
জিজ্ঞাসাবাদ শেষে ১০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করারও আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৬ মে) বিকেলে শুনানি শেষে পঞ্চম মহানগর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরীর আদালত এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
তিনি বলেন, ১০ দিনের রিমান্ড চেয়ে পতেঙ্গা পুলিশ আদনানকে আদালতের সামনে হাজির করলে আদালত তার বয়স বিবেচনায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
জিজ্ঞাসাবাদ শেষে আদালত পুলিশকে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করারও আদেশ দেন বলে জানান তিনি।
বুধবার (০২ মে) সকালে স্থানীয়দের খবরে নগরের পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাট পাথরের ওপর থেকে সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের (১৬) মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।
পরে একই দিন সন্ধ্যায় নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে পুলিশ তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে আটক করে। আটক আদনান মির্জা বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ব্যবসায়ী ইস্কান্দার মির্জার ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (০৩ মে) তাসফিয়ার বাবা বাদী হয়ে আটক আদনান মির্জাকে প্রধান আসামি করে পতেঙ্গা থানায় ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
