টেকনাফ টুডে ডেস্ক : আজ বাংলাদেশী মেয়েদের সামনে ক্রিকেটযুদ্ধে নামছে শ্রীলংকান মেয়েরা। সামনে এগিয়ে যেতে হলে আজ বাংলার মহিলাদের জয় ছাড়া কোন বিকল্প নেই।
সোমবার (১০ অক্টোবর) সকাল ৯টায় লঙ্কানদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। জয় ছাড়া কোনো বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের সামনে।
পাঁচে থাকা বাংলাদেশের এখনো দুটি ম্যাচ বাকি। দুই ম্যাচ জিতলেও যদি থাইল্যান্ড তাদের শেষ ম্যাচে জয় পায় তাহলে তাকিয়ে থাকতে হবে রানরেটের দিকে। যেকোনো একটি ম্যাচ জিতলে আশা করতে হবে ওদিকে থাইল্যান্ড যেন ভারতের কাছে হারে। এখানেও ভাগ্য নির্ধারণ হতে পারে রানরেটে।
তবে এসব কিছু ভাবছে না বাংলাদেশ। তাদের লক্ষ্য শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির রাস্তা সহজ করে ফেলা। ‘হ্যাঁ, ঠিক আছে গত ম্যাচটা খারাপ হয়েছে। কিন্তু এখন পরের ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে, ওটাই লক্ষ্য। এখনও দুইটা ম্যাচ আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ যাচ্ছি। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা চেষ্টা করবো সেরা ক্রিকেট খেলতে’-অলরাউন্ডার লতা মণ্ডল এভাবেই বলছিলেন।
শেষ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং-বোলিং কোনোটা ভালো হয়নি। টুর্নামেন্টে দুটি বড় দলের বিপক্ষেই মুখ থুবড়ে পড়েছে দুই বিভাগ। ব্যাটিং বিভাগ ধারবাহিক না হলেও বোলিং বিভাগ তুলামূলকভাবে ভালোই বলা যায়। লতা বলছেন ভুল শুধরে লঙ্কানদের বিপক্ষে সেরাটা দিতে ঝাঁপিয়ে পড়বে। তবে লঙ্কানদের বিপক্ষে অতীত রেকর্ডও ভালো নয়। ৭ ম্যাচ খেলে জয় মাত্র ২টিতে।
লতা বলেন, ‘আসলে দেখেন আমরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি। খেলোয়াড় হিসেবে খেলায় হার-জিত আছে। এটাই স্বাভাবিক যে দল সবচেয়ে ভালো করবে দিনশেষে তারাই জিতবে। ভারত ভালো খেলেছে, আমাদের ছোট ছোট কিছু ভুল ছিল, ওগুলো কারেকশন করার চেষ্টা করছি পরের ম্যাচের জন্য।’
একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সকালের এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে টস। সঙ্গে আছে বৃষ্টির শঙ্কাও। বৃষ্টির কথা না ভেবে লতা বলছেন, ‘বৃষ্টি তো আমাদের হাতে নেই। এমন কিছু হলে দুর্ভাগ্য। এটা আমাদের নিয়ন্ত্রণ বাইরে। আমাদের নিয়ন্ত্রণে আছে ম্যাচ হলে সেরাটা দিয়ে বের হবো।’
ভারতের কাছে হারের পর জ্যোতি বলছিলেন ইন্টেন্ট না ঠিক থাকার কথা। বড় দলগুলোর বিপক্ষে তাই দেখা যায় নিয়মিত। শ্রীলঙ্কার বিপক্ষে এমন কিছু হলে আখেরে বিপদ কিন্তু বাংলাদেশেরই।
