হুমায়ূন রশিদ : টেকনাফের হ্নীলা ও বান্দরবানের আলীকদমে র্যাবের পৃথক অভিযানে ৬০হাজার ইয়াবা নিয়ে নারী ও রোহিঙ্গাসহ দুইজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো দুইজনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়, ২৯ ডিসেম্বর দুপুর আড়াই টারদিকে র্যাব-১৫ (সিপিএসসি) ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বান্দরবান জেলার আলীকদম থানার আলীকদম সদর ইউপির খুইল্ল্যা মিয়া পাড়ার রুমা আক্তারের বসত-ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-ও অন্যত্র চালানের উদ্দেশ্যে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে নুরুল ইসলামের স্ত্রী রুমা আক্তার (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হলেও তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটক মহিলা মাদক কারবারীকে তল্লাশী করে তার হেফাজত হতে ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন রাত সাড়ে ৮টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফের হ্নীলা আলীখালী এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে ৩০হাজার ইয়াবাসহ ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক:-ডি/৬ এর বাসিন্দা মৃত জাফর আহমদের ছেলে নূর মোহাম্মদ(২৪) কে গ্রেফতার করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে। ###
