যুক্তরাষ্ট্রে একদিনে ৭০ হাজারেরও বেশি শনাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রে ৭০ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

রয়টার্সের টালি অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে ৭৭ হাজার ৪৯৯ জন নতুন রোগী বৃদ্ধির পরদিন শুক্রবার আরও অন্তত ৭০ হাজার ৬৭৪ জন রোগী শনাক্ত হয়েছে।

গত বছরেরে শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড হয় যু্ক্তরাষ্ট্রে।

শুক্রবার কোভিড-১৯ এ দেশটিতে আরও ৯১২ জনের মৃত্যু হয়েছে; এই নিয়ে পরপর টানা চারদিন ধরে প্রতিদিন ৯০০ জনেরও বেশি রোগীর মৃত্যু হল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ যুক্তরাষ্ট্রে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৩৬ লাখ ৪৮ হাজার ৪৮ জন; মৃত্যু হয়েছে এক লাখ ৩৯ হাজার ২৬৭ জনের।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, পূর্ববর্তী দুই সপ্তাহের তুলনায় গত দুই সপ্তাহজুড়ে দেশটির ৫০টি রাজ্যের মধ্যে ৪১টিতেই সংক্রমণের সংখা বৃদ্ধি পাচ্ছে আর মৃত্যুর সংখ্যা বাড়ছে ১৯টি রাজ্যে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, শনাক্ত রোগী ও মৃত্যু বাড়তে থাকলেও তিনি প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্কিনিদের বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ দেবেন না।

শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি যুক্তরাষ্ট্রজুড়ে সবাইকে মাস্ক পরতে বাধ্য করার ভাবনার সঙ্গে একমত নন।

“কিছুটা স্বাধীনতা থাকা উচিত,” বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি সবাইকে মাস্ক পরাতে বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় নেতাদেরকে ‘প্রয়োজনে শক্তি প্রয়োগ করার’ আহ্বান জানানোর পর ট্রাম্প এ মন্তব্য করেছেন।