শাহ্ মুহাম্মদ রুবেল : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজার জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রথম প্রহরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান অরুণোদয় স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার),অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি উপস্থিত ছিলেন।
পরে অরুণোদয় স্কুলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
জেলা প্রশাসক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন বাহিনী ও সংস্থা প্রধান, বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করে সরকার।
এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
