টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বার্মাইয়া শামসু নিহত, অস্ত্র ইয়াবা উদ্ধার, ৩ পুলিশ আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামসু (৪০) প্রকাশ বার্মাইয়া শামসু নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত শামসু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে। তিনি উপজেলার পূর্ব শিকদারপাড়া গ্রামে বসবাসকারী মোহাম্মদ হোসেনের ছেলে।

সোমবার রাত ২টার দিকে হ্নীলা দমদমিয়া নাফ নদীর তীরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি তদন্ত এবিএমএস দোহা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদকবিক্রেতা শামসুকে পুলিশ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত ২টার দিকে হ্নীলা দমদমিয়া চেকপোস্টের কাছে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি করে।

পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ সামসুলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ সময় ঘটনাস্থল থেকে দু’টি দেশিয় তৈরি বন্দুক, ২০ হাজার ইয়াবা, ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় টেকনাফ থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফয়েজ ও মো. আমির আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

মাদকবিক্রেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিক্রেতার তালিকায় ৬৭৮ নম্বরে শমসুর নাম রয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, টেকনাফে চলমান মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে এ পর্যন্ত ৩৬ মাদক ব্যবসায়ী নিহত হন।