নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় যাত্রীবাহী বাস, লেগুনা ও মোটর সাইকেলের ত্রিমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী আবদুল মালেক (৫০) নিহত হয়েছেন। এসময় লেগুনার দুই যাত্রী গুরুতর আহত হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেক ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী গ্রামের নজির আহমদের ছেলে। আহতরা হলেন ঈদগাঁও উপজেলার একই ইউনিয়নের ফাইশ্যাখালী গ্রামের নুরুল কাদেরের ছেলে রাশেদুল ইসলাম (৪০) ও নুরুল আলমের ছেলে মো. জসিম উদ্দিন (৩০)। আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের মালমুঘাট এলাকায় কক্সবাজারগামী একটি বাস একইমুখি একটি লেগুনাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। এসময় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশে পড়ে যায়। আহত হয় দুই যাত্রী।
তিনি বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক হেলপার পালিয়ে যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##
