নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নাফনদী হয়ে মাদকের চালান নিয়ে সাঁতার কেটে আসার সময় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১কেজি ৬০গ্রাম আইস ও ১০হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৯মে (সোমবার) রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিশেষ টহলদল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে জাদিমোরা ওমরখাল সংলগ্ন কেওড়া বনে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন চোরাকারবারী সাঁতার কেটে নাফনদীর শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জের পর ধাওয়া করে কোমরে গামছা অভিনব কায়দায় বাঁধা পুটলাসহ ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের কালু মিয়ার পুত্র মোঃ সাকের আলী (২২) কে গ্রেফতার করে। এরপর তার দেহ তল্লাশী করে ৫ কোটি ৬০লক্ষ টাকা মূল্যমানের ১ কেজি ৬০গ্রাম আইস ও ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,এই ব্যাপারে পৃথক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
