এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে কথা কাটাকাটির জেরে ঘুষিতে দিনমুজুর মোঃ ইউনুস খুনের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামি নুরুন্নবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় হারবাং ইউনিয়নের মইক্কাঘোনা এলাকায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে স্থানীয় নুরুন্নবীর ঘুষিতে ঘটনাস্থলে প্রান হারান স্থানীয় দিল মোহাম্মদের ছেলে মোঃ ইউনুস (৪০)।
এ ঘটনায় নিহত মোঃ ইউনুসের স্ত্রী রহিমা আকতার বাদী হয়ে শনিবার চকরিয়া থানায় হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ড কালাচাঁন ঘোনা এলাকার বদর আলমের পুত্র নুরুন্নবী (৩৬)কে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ড পরবর্তী মামলা রুজুর ২৪ ঘন্টা পেরোনোর আগেই প্রধান আসামি নুরুন্নবীকে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক আজহারুল ইসলাম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দিনমুজুর ইউনুস হত্যাকান্ডের এজাহারনামীয় প্রধান আসামি নুরুন্নবীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ##
