নিজস্ব প্রতিবেদক : প্রয়াত বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঘাতক পিকআপ ভ্যানের চাপায় নিহত চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়ার বাসিন্দা ৬ ভাইয়ের শোকাহত পরিবারকে দেখতে গেছেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী।
সোমবার (২৮ ফেব্রæয়ারী) রাতে ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী মালুমঘাট হাসিনাপাড়াস্থ নিহত ৬ ভাইয়ের বাড়িতে পৌঁছে শোকাহত পরিবার সদস্যদেরকে সমবেদনা জানান। এসময় তিনি নিহত ছয় ভাইয়ের গর্ভধারিণী মা মানু বালা শীলকে বুকে জড়িয়ে সহমর্মিতা জানান। ছয়ভাইয়ের স্ত্রী-সন্তানদের শান্তনা দেন।
ওইসময় চকরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে নিহতের ৬ ভাইয়ের মা ও স্ত্রী-সন্তানদের হাতে বেশকিছু সহায়তা সামগ্রী তুলে দেন। তিনি প্রত্যেক পরিবারের জন্য নতুন কাপড় ও সরকারি বরাদ্দ থেকে কম্বল বিতরণ করেন। পাশাপাশি আগামীতেও শোকাহত ৬ ভাইয়ের পরিবারের পাশে থাকার অভিমত প্রকাশ করেন পরিবার সদস্যদের কাছে।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিটা, নারী উন্নয়ন ফোরাম, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসি এবং শোকাহত পরিবার সদস্যরা।
প্রসঙ্গত: গত ৮ ফেব্রæয়ারী ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট ষ্টেশনের অদুরে বনবিভাগের নার্সারী এলাকায় বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় একই পরিবারের পাঁচ সহোদর অনুপম সুশীল (৪৫), নিরুপম সুশীল (৩৮), দীপক সুশীল (৩৬) ও চম্পক সুশীল (৩৬), স্বরণ সুশীল (২৮) নিহত হন। এক দুর্ঘটনায় তাদের বোন হীরা সুশীল (২৭) অপর দুই ভাই রক্তিম সুশীল (৩৫), প্লাবন সুশীল (২৪) গুরুতর আহত হলেও পরে চমেক হাসপাতালে মারা যান রক্তিম সুশীল। হতাহত সবার বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গ্রামে। তাঁরা ওই গ্রামের মৃত সরোজ সুশীলের ছেলে-মেয়ে। #
