এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে জমি সংক্রান্ত সালিশী বৈঠকে অংশ নিতে এসে খুনের শিকার হয়েছেন জয়নাল আবেদীন বদন (৪০) নামের এক ব্যক্তি। এসময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কার্যালয়ের নিচ তলায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জয়নাল আবেদীন বদন উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টুটিয়া পাড়া গ্রামের আবদুস সোবাহানের ছেলে। আহতরা হলেন নিহতের ছোট ভাই বাচ্চু (২৯), মো. ওসমান (২২) এবং আবদুল কাদেরে ছেলে মো. সাগর (২৪)।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত সৃষ্ট বিরোধ নিরসনের জন্য বদরখালী সমবায় সমিতি কার্যালয়ে এসেছিলেন খুনের শিকার মো. বদন ও তার ভাইয়েরা। এসময় তাদের প্রতিপক্ষের লোকজনও সেখানে উপস্থিত হন।
এক পর্যায়ে আকস্মিক প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মো. ছোটন, মো. সাগর ও মো. রাজিব লম্বা দা ও ছুরি নিয়ে হামলে পড়ে। তাদের এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন জয়নাল আবেদীন বদন ও তার ভাইয়েরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বদনকে মৃত ঘোষনা করেন। পরে গুরতর আহতদের দ্রæত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসময় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। ##
