রেজু খাল চেকপোষ্টে ৫৭ ভরি ওজনের ৪ টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারে ৫৭ ভরি ওজনের ৪ টি স্বর্ণের বারসহ চোরাচালানী চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি হচ্ছে কক্সবাজার গোলদীঘির পাড় এলাকার রনজিত দের ছেলে রাসেল দে(২৭)।
বিজিবি ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির শনিবার সন্ধায় জানান,
গতকাল (শুক্রবার) মেরিন ড্রাইভ সড়কের রেজু চেকপোস্টের নিয়মিত টহলদলের সদস্যগণ জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী অবৈধভাবে স্বর্ণের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে এনে টেকনাফ হতে কক্সবাজার নিয়ে যাচ্ছে। এ প্রেক্ষিতে বিজিবি সদস্যগণ চেকপোস্টে একটি সিএনজিকে থামিয়ে তল্লাশীকালে চোরাকারবারী রাসেল দে (২৭), পিতা-রনজিত দে, গ্রাম-বৌদ্ধমন্দির, সড়ক-গোলদীঘির উত্তরপাড়া, পোস্ট, থানা ও জেলা-কক্সবাজার এর আচরণবিধি সন্দেহজনক হওয়ায় তার শরীর তল্লাশী করে ৫৭ ভরি (৬৬৪.৮ গ্রাম) ওজনের ২৪ ক্যারেটের ০৪ টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫,৯১,০০০/- টাকা।

কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় আসামী রাসেল দে- কে রামু থানায় সোপর্দ করা এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযানসহ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা যাতে কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে মালামাল পাচার করতে না পারে সে লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।